নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ধানক্ষেত ও ভুট্টাক্ষেতে পানি জমে থাকায় জমিতেই পাকা ভুট্টা ও ধান পচে যাচ্ছে।
কোথাও কোথাও পানিতে নিমজ্জিত ধান কাটতে অতিরিক্ত টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিক পাওয়া গেলেও তারা শুধু ধানের আগা কেটে নিয়ে আসছে। এতে করে গো-খাদ্যের চরম সংকট দেখা দিচ্ছে। রবি মৌসুমে ধান ও ভুট্টার ফলন ভালো হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জে ১১ হাজার ১৬০ হেক্টর জমিতে ধান এবং ৩২৫৬ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।
বাহাগিলি ইউনিয়নের কৃষক আমজাদ হোসেন বলেন, টানা বৃষ্টিতে আমার ধানক্ষেতে পানি জমে যায়। বাধ্য হয়ে শুধু ধানক্ষেতের আগা কেটে নিয়েছি।
ভুট্টাচাষি ময়নুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও ঝড়ে ভুট্টাক্ষেতের অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় আসানির প্রভাবে গত দুই সপ্তাহ ধরে কিশোরগঞ্জে টানা বৃষ্টিপাত হচ্ছে। কিছু জমির আধাপাকা ধান কাটা হলেও বেশির ভাগ ধান ও ভুট্টাক্ষেত জমিতে রয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকরা কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে।