নিশান ম্যাগনাইট মডেলের নতুন গাড়ি বাজারে  

দেশের বাজারে ‘নিশান ম্যাগনাইট’ মডেলের নতুন গাড়ি নিয়ে এলো প্যাসিফিক মোটরস। শনিবার (২১ মে) রাজধানীর তেজগাঁওয়ে নতুন মডেলের গাড়িটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

তিনি বলেন, প্যাসিফিক মোটরসের সঙ্গে জাপানের নিশানের সম্পর্ক প্রায় ৫০ বছরের। আজ যে গাড়িটি অবমুক্ত করা হলো, তা চালকবান্ধব। ফলে গাড়িপ্রেমীদের আরামদায়ক চলাচলে ভূমিকা রাখবে নিশান ম্যাগনাইট। গাড়িটি ছোট হলেও অনেক শক্তিশালী ও দেখতে আকর্ষণীয়। চমৎকার সব আপডেট ফিচার রয়েছে গাড়িটিতে।

প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব মাহমুদ বলেন, নিশান ম্যাগনাইট মডেলের গাড়িটি নারীবান্ধব। তাই আমরা উইমেন্স অন হুইল (ওয়াও) গ্রুপের সদস্যদের ৫০ হাজার টাকা মূল্যছাড়সহ ছয়বার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ দিচ্ছি। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের (তারা) কার্ড ব্যবহারকারীরা ৮ শতাংশ সুদে ঋণ নিয়ে গাড়িটি কিনতে পারবেন।

‘নিশান ম্যাগনাইট’ মডেলের নতুন গাড়ি।

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের উপপরিচালক ফারজানা খান বলেন, এক লিটার টার্বো ইঞ্জিনের নিশান ম্যাগনাইটের পেছনেও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ভেন্ট রয়েছে। ফলে দ্বিতীয় সারিতে বসেও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে। ৩৬০ ডিগ্রি ক্যামেরা সুবিধার গাড়িটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ক্রুইস কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটর সিস্টেম (টিপিএমএস), কি-লেস এন্ট্রি, এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, হিল স্টার্ট অ্যাসিস্ট, হাইড্রোলিক ব্রেক অ্যাসিস্টসহ বৃহৎ পরিসরে বুট স্পেস রয়েছে।

অনুষ্ঠানে উইমেন্স অন হুইল (ওয়াও) –এর সভাপতি কাজী ফারজানা বলেন, গাড়িটির নিয়ন্ত্রণ পদ্ধতি খুবই অসাধারণ ।  সিসি কম থাকায় রক্ষণাবেক্ষণ খরচও কম হবে। গাড়িটির ড্যাশ বোর্ড এবং দরজায় পর্যাপ্ত জায়গা রয়েছে।  এ ছাড়া ২০৫ মিলিমিটার (মিমি) গ্রাউন্ড ক্লিয়ারেন্স (ভূমি থেকে গাড়ির উচ্চতা) এবং ১৬ ইঞ্চি অ্যালয় হুইল থাকায় গাড়িটি যেকোনো রাস্তায় সহজে চলতে পারবে।  ৯৯৯ সিসির ৩ সিলিন্ডার সুবিধার গাড়িটি প্রতি লিটার জ্বালানিতে ১৭.৭ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। চারটি ডুয়েল টোন (দ্বৈত রং)  রঙে মিলবে নিশান ম্যাগনাইট।  এই গাড়িটি কিনতে গ্রাহককে গুনতে হবে ৩০ লাখ ৫০ হাজার টাকা।