বায়ু দূষণে মা-মেয়ে অসুস্থ, সরকারের বিরুদ্ধে মামলা

বায়ু দূষণজনিত অসুস্থতার কারণে সরকারের বিরুদ্ধে মামলা করেছেন মা ও মেয়ে। বায়ু দূষণ ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার ফলে তাদের নিশ্বাসের নানা সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে মামলাটির শুনানি প্যারিসের একটি আদালতে চলছে।

জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়, ওই মা-মেয়ে ফ্রান্সের নাগরিক। ৫২ বছর বয়সী মা বর্তমানে অসুস্থতার কারণে কাজে যেতে পারছেন না। আর তার ১৬ বছর বয়সী মেয়ে ভুগছেন হাঁপানিতে। চিকিৎসকের পরামর্শে প্যারিস ছেড়ে অর্লিন্স শহরে থাকছেন তারা। ফলে, চিকিৎসা ও অন্যান্য ক্ষতিপূরণ হিসাবে সরকারের কাছে ১৬০,০০০ ইউরো দাবি করেছেন। 

এমন মামলা এর আগেও হয়েছে ফ্রান্সে। রেস্পায়ার নামের একটি বেসরকারি সংস্থা দেশটির প্রায় ৫০ জনকে বেশ কিছুদিন ধরে এ ধরনের মামলায় আইনি সহায়তা দিয়ে আসছে। যাতে তারা রাষ্ট্রকে এ বিষয়ে চাপে রাখতে পারেন এবং নীতিগত বদল আনতে পারেন।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে মানুষের মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ বায়ুদূষণ। দূষিত বায়ু গ্রহণের ফলে হৃদযন্ত্রের অসুখ, শ্বাসকষ্টজনিত জটিল সমস্যা, ফুসফুস সংক্রমণ ও ক্যানসারের মতো রোগে ভুগছে মানুষ।

খবর: ডয়চে ভেলে

ইত্তেফাক/জেডএইচ