মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মুন্সীগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। সংঘর্ষের সময় গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। 

সোমবার (২৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- স্থানীয় হানিফ মোল্লা (৩৮), কামাল(২৮), সাজেদা (৭৫), সেরাজল বেপারী(৬৫), জামাল হোসেন(১৬)। তাদের মধ্যে সেরাজল, হানিফ ও কামালকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রিপন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্পনা মহিলা বিষয়ক সম্পাদক।

ভোরে থেকে ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় কয়েকদফা সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন পাঁচজন। আহত হন আরও অন্তত ১০ জন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার কালাম বলেন, পাঁচজনের শরীরের বিভিন্ন অংশ গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজন হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের বিষয়ে জানতে রিপন ও কল্পনার মোবাইল নম্বরে কল দিলেও পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আধিপত্য নিয়ে সকালে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।