গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
এর আগে সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে কারখানার ভিতরের একটি নতুন ইউনিটে আগুন লাগে। বিকেল ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, লার্জ ভলিউম প্যারেনটাল ইউনিট (এলভিপি) নামে কারখানার নতুন একটি ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর, সাভার ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।