উচ্চ রক্তচাপ প্রতিরোধে কাঁচা লবণ ও চায়ে চিনি খাওয়া বন্ধ করার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। গতকাল সোমবার দুপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে বিএসএমএমইউ এর শহিদ ডা. মিল্টন হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষ্যে হূদ্রোগ বিদ্যা বিভাগ একটি শোভাযাত্রা বের করে।
‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হোন’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের অনুষ্ঠানে নিয়ে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরো বলেন, উচ্চ রক্তচাপ একটি ঘাতক ব্যাধি। এতে মানুষ আস্তে আস্তে মৃতু্যর মুখে পতিত হয়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিডনি আক্রান্ত করে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক হয়।
উচ্চ রক্তচাপ রোধের বিষয়ে উপাচার্য বলেন, আমরা কাঁচা লবণ খাব না। চায়ে চিনি খাব না। তেল কম খাব। তেল খেলে উচ্চ রক্তচাপ হয়। তেল ছাড়া যেসব খাবার আছে, সেসব খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে যেসব রোগী আসবে, আগে তাদের শরীর চর্চা ও খাবার লবণ যাতে না খায় সে বিষয়ে জোর দেবেন।
সেমিনারে উপ-উপাচার্য (একাডেমি) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, অধ্যাপক ডা. মেসকাত আহমেদ, অধ্যাপক ডা. মো. সফি উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।