ভোলায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, ২ ভাই নিহত

ভোলা-চরফ্যাসন সড়কের বোরহানউদ্দিন উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল (২৬) ও সোহাগ (২০) নামে দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বেরহানউদ্দিনের বড় মানিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নে।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, ইকবাল ও সোহাগ নামে দুই ভাই মোটরসাইকেলযোগে বোরহানউদ্দিন থেকে দৌলতখান যাচ্ছিলেন। তারা বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা বাজার এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই এক ভাই নিহত হন।

আরও পড়ুন: প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নারী ও পুরুষ শ্রমিককে নির্যাতন

অপর ভাইকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ওসি জানান এ ঘটনায় বিকাল ৫ টা পর্যন্ত  কোন মামলা হয়নি।

ইত্তেফাক/নূহু