রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজ ছাত্র নিহত ও দুইজন আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র ইমন (২০) ঢাকা সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজের অনার্সের ছাত্র ছিলেন। তিনি রাজধানীর শনির আখড়া, শেখদি বটতলা এলাকায় থাকতেন।এ ঘটনায় অন্য আহতরা হলেন, সোহাগ (১৯) ও নাদিম (২০)।
ডিএমপি ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে তিনজন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাত্রাবাড়ীর শেখদী বটতলা এলাকার বাসা থেকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে শহীদ মিনারে যাচ্ছিলেন। এ সময় সালাউদ্দিন হাসপাতালের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়েন। এতে পেছনে থাকা ইমনের মাথা রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে।
আরও পড়ুন: ঈদ আনন্দে মুখরিত ধরলা পাড়
পরে পথচারীরা তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, সোহাগ ও নাদিমের মাথায় হেলমেট থাকায় তারা বেঁচে গেছেন। ইমনের মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।
বাসস।
ইত্তেফাক/অনি