টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৪ শিক্ষার্থীসহ ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।

বিবিসির প্রতিবেদন বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে সালভাদর রামোস (১৮) নামে এক যুবক রাইফেল নিয়ে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ১৪ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে ওই যুবক নিহত হয়।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭০ বছর বয়সী এক নারী ও ১০ বছর বয়সী এক শিশু গুরুতর আহত অবস্থায় সান আন্তোনিও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।