ঝিনাইদহে সংগ্রহমূল্যের চেয়ে খোলাবাজারে চাল ও গমের মূল্য বেশি

ঝিনাইদহে সংগ্রহ মূল্যের চেয়ে খোলাবাজারে ধান, চাল ও গমের মূল্য বেশি থাকায় জেলায় বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান সফল হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। গত ২৮ এপ্রিল থেকে ধান ও ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলবে ৩০ আগস্ট পর্যন্ত।  

এবার ধানের সংগ্রহ মূল্য ধার্য করা হয়েছে প্রতি কেজি ২৭ টাকা ও চাল ৪০ টাকা। আর গমের সংগ্রহ মূল্য ধার্য করা হয়েছে প্রতি কেজি ২৮ টাকা। এ দামে ধান, চাল ও গম মিলছে না। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো ধান চাল সংগ্রহ অভিযানকালে ১১ হাজার ৯৭২ মেট্রিক টন ধান, ১৭ হাজার ৯৬৩ মেট্রিক টন চাল ও ২ হাজার ১২০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ২৩ মে পর্যন্ত ৩৯ মেট্রিক টন ধান ও ৩৭৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। আর এক কেজি গমও সংগ্রহ সম্ভব হয়নি। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান মিয়া জানান, ধানের দাম বেশি থাকায় চাষি ধান নিয়ে ক্রয় কেন্দ্রে আসছে না। তিনি আশা করেন, চালকলমালিকরা সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক চাল সরবরাহ করবেন।