‘মা’ চরিত্র নিয়ে কখনোই সংকটে ভোগেন না আফসানা মিমি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রে সিয়ামের মায়ের চরিত্রে দেখা গেছে এই জনপ্রিয় অভিনেত্রীকে।
এ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘কিছুদিন আগে ফেরদৌস একটা অনুষ্ঠানে আমাকে বললো, কেন তুমি মায়ের চরিত্রে অভিনয় করছো।
আমি বললাম, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। কারণ আমি অভিনেত্রী হতে চেয়েছি সবসময়। বরং আজ থেকে ২৫ বছর আগে ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে আমি প্রৌঢ় বয়সী চরিত্রে কাজ করেছিলাম। তখনও ঝুঁকি বলে মনে হয়নি। আর এখন তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না।’
উল্লেখ্য, আজিজুর রহমান পরিচালিত বাণিজ্যিক ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্র ‘দিল’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আফসানা মিমির। কিন্তু এর পরবর্তীতে সেই ঘরানার ছবিকে না বলেছিলেন। এর মাঝে বেশকিছু গল্পনির্ভর চলচ্চিত্রে বিচ্ছিন্নভাবে কাজ করলেও সেভাবে নিয়মিত কখনোই ছিলেন না এই গুণী অভিনেত্রী।
আফসানা মিমি বলেন, ‘কখনোই আমি নায়িকা হিসেবে নিজেকে যোগ্য মনে করিনি। আমি অভিনেত্রী হিসেবেই কাজ করেছি। সেলিম আমার বন্ধু। ওর সাথে আমার দারুণ কিছু নাটকের কাজ করা হয়েছে। ও ছবি নিয়ে যখন বললো, একটা চরিত্র রেখেছে আমার জন্য। আমি সাথে সাথে রাজি হয়ে যাই। আর দ্বিতীয় কথা বলিনি। কারণ আমাদের ভেতরে বোঝাপড়াটা এমনই।’
উল্লেখ্য, পাপ-পুণ্য ছবিতে সিয়াম আহমেদের মায়ের চরিত্রে অভিনয় শুধু নয়, আফসানা মিমি তার পরবর্তী ছবিটিতে নুসরাত ফারিয়ার মা হিসেবে কাজ করছেন।
মিমি বলেন, ‘আমার কাছে স্ক্রিপ্টটা খুব গুরুত্ব বহন করে। আমি মনে করি গল্প এবং তার সাথে চরিত্রে গুরুত্ব থাকলে সেখানে যদি নিজেকে প্রকাশের সুযোগ থাকে, তবে ভালো কাজ করা সম্ভব।
আফসানা মিমি বলেন, ‘চরিত্রের ধরন নয়, এর গুরুত্বই আমাকে টানে সবসময়। আমি নাজমা আনোয়ার বা দিলারা জামানের মতো শক্তিমান অভিনেতা হতে চাই। যাদের কাজ দেখে এখনও মুগ্ধ হই।’
বর্তমান সময়ের টিভি নাটক প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি তিনি। শুধু বললেন, ‘আপাতত নাটক করতে চাই না। ইচ্ছে বা আগ্রহ নেই। এ সময়ের নাটক নিয়ে কোনো কথাও বলতে চাই না।’