ঢাবির উপাচার্যকে কোনো দলের অনুগত হয়ে কাজ না করার আহ্বান ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে সব ছাত্র সংগঠনের স্বাভাবিক কর্মসূচি ও শান্তি বিরাজমান রাখতে প্রতিষ্ঠানটির উপাচার্যের কাছে অনুরোধ জানিয়েছেন ছাত্রদল নেতারা।

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় বুধবার (২৫ মে) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল আহ্বান জানায়।

ঢাবি উপাচার্যকে কোনো দলের অনুগত হয়ে কাজ না করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘ঢাবি এলাকায় মোড়ে মোড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন। এতে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।’ এ ধরনের পরিস্থিতি বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ছাত্রদল নেতারা।

ছাত্রদল নেতারা বলেন, ঢাবি ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি নিরসনে ব্যর্থ হলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় নিতে হবে। তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে ছাত্রলীগের নির্দিষ্ট কয়েকজন নেতা ক্যাম্পাসে মহড়া চালিয়ে যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তাদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে ছাত্রদলের অন্তত ৩০ জন আহত হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে দোয়েল চত্বরে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আরও কয়েকজন আহত হন।