দিনাজপুরে ঘুসের টাকাসহ দুদকের হাতে আটক সরকারি কর্মকর্তা 

ঘুসের ৮০ হাজার টাকাসহ দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ মে) বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গায় তার অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম। 

অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ।

এ বিষয়ে তিনি বলেন, ২৫ এপ্রিল চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে অবস্থিত ইশান অ্যাগ্রো অ্যান্ড ফুডের সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান রাসেল দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লাইসেন্স নবায়ন করতে যান। তখন উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমান লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ২৭ এপ্রিল রাশেদুজ্জামান রাসেলকে টাকা ও কাগজপত্রসহ আসতে বলেন তিনি। টাকা না দেওয়ায় রাশেদুজ্জামান রাসেলকে ফোন করে মোস্তাফিজুর রহমান জানান যে কারখানার ইশতিয়াক আহমেদ ও ম্যানেজার আশরাফুলের নামে মামলা প্রক্রিয়াধীন, সুতরাং মামলা থেকে রেহাই পেতে ২৩ মে টাকাসহ তাদের অফিসে আসতে বলেন। ২৩ মে সকালে মোস্তাফিজুর রহমানের কাছে রাশেদুজ্জামান রাসেল কাগজপত্র নিয়ে গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে কাগজপত্র ফেরত দেন তিনি। পরে রাশেদুজ্জামান রাসেল দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ে অভিযোগ করেন। বুধবার (২৫ মে) দুপুরে তিনি ঘুষ হিসেবে ৮০ হাজার টাকাসহ কাগজপত্র নিয়ে গেলে আমরা হাতেনাতে উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করি। 

আটকের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ জানান, উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।