চাঁপাইনবাবগঞ্জে অফিস কক্ষ থেকে সমাজকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শামীম হোসেন (৩৩) নামে এক  ইউনিয়ন সমাজকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সমাজসেবা অফিস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শামীম নাচোল উপজেলা সমাজ সেবা অফিসে ফতেপুর ইউনিয়ন মাঠকর্মী হিসাবে কর্মরত ছিলেন। মৃত ব্যক্তি নাচোল পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার শামসুদ্দীনের সন্তান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মৃতের স্ত্রী গোলাপী ও তার ভাগ্নে বুধবার রাত ৮ টার দিকে শামীমের ফোনে ফোন দিয়ে কোন সাড়া না পেয়ে সমাজ সেবা অফিসে যায়। সেখানে দরজার ছিটকিনি বাইরে থেকে খুললে কক্ষের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো শামীমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাচোল সমাজ সেবা কার্যালয়ের একটি কক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা না অন্য কিছু সেটি তদন্তের আগে বলা যাবে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।