বান্দরবানের থানচির জীবন নগরে পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ওসি সুদীপ রায়।
নিহতদের মধ্যে হামিদুল ইসলামের (৪০) নাম পরিচয় জানা গেছে। তিনি বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ৯জনের একটি দল একটি মাইক্রোবাসে করে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাবার পথে জীবননগর নামক স্থানে গাড়িটি প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায়। এরমধ্যে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে আসলে আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকিদের এখনো উদ্ধারে অভিযান চলছে। থেমে-থেমে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর।
এ বিষয়ে থানচি থানার ইউএনও রাহুল চন্দ জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহত ও নিহতরা বুয়েটের নিরাপত্তা শাখার কর্মী।