দিনাজপুরের ফুলবাড়ী পৌর কাউন্সিলরের খেলার মাঠসহ ঐতিহ্যবাহী চড়ক পূজার মেলার মাঠ জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৬ মে) সকালে ফুলবাড়ী পৌর এলাকার চাঁদপাড়া গ্রামবাসী তাদের খেলার মাঠ ও ঐতিহ্যবাহী চড়ক পূজার মেলার মাঠ পৌর কাউন্সিলর মাজেদুর রহমানের জবরদখল থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে পরিণত হয়। এ সময় বক্তব্য রাখেন সামসুল ইসলাম, সুমন রায়, সাদেনুর ইসলাম, অনিতা রানী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফুলবাড়ী পৌর এলাকার চাঁদপাড়া এলাকার ছোট যমুনা নদীর পশ্চিম তীরসংলগ্ন সুজাপুর মৌজার ১৮১৫ দাগের সম্পত্তি এসএ খতিয়ান অনুযায়ী সরকারি এবং জনসাধারণের স্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকার কথা উল্লেখ রয়েছে। ঐ সম্পত্তি এলাকার ছেলেমেয়েরা খেলার মাঠ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন চড়ক পূজার মেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন। কিন্তু হঠাৎ করে চাঁদপাড়া এলাকার পৌর কাউন্সিলর মাজেদুর রহমান নিজের দাবি করে জবরদখল করে নিয়েছেন। মাঠ রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া না হলে আগামীদিনে কঠোর আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার হুশিয়ারি দেন গ্রামবাসী।
মানববন্ধন শেষে গ্রামবাসীর গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়। এদিকে খেলার মাঠ ও চড়ক পূজার মেলার দখলের কথা অস্বীকার করে পৌর কাউন্সিলর মাজেদুর রহমান বলেন, আমি যে জায়গায় রয়েছি, সেটি আমাদের পৈতৃক সম্পত্তি। যার দাগ নম্বর ১৮১৬। এলাকাবাসীর দাবীকৃত জায়গাটি হচ্ছে ১৮১৫ দাগের। সেই অনুসারে তাদের জায়গাটিও আলাদা। একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে।
ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন বলেন, চাঁদপাড়া এলাকাবাসীর অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষকে নিয়ে কাগজপত্র দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। কাগজপত্র যাচাই-বাছাই করে খেলার ও মেলার মাঠ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।