এবারের ঈদে ভ্রমণ পিপাসুদের সমাগমে মুখরিত হয়ে ওঠেছে চলনবিলের তাড়াশ-গুরুদাসপুর মৈত্রী সড়কের কুন্দইল সেতু এলাকা (কুন্দইল পয়েন্ট)। ঈদের আনন্দে বৈচিত্র আনতে গত তিনদিন ধরে তাড়াশ-গুরুদাসপুর উপজেলার হাজারো মানুষ পরিবার-পরিজন নিয়ে ভীড় জমাচ্ছেন কুন্দইল পয়েন্টে।
সরেজমিনে দেখা যায়, কুন্দইল পয়েন্টের ওই সেতু ও আশপাশে হাজারো মানুষের পদচারণা। শুধু তাই নয়, সড়ক জুড়ে যতোদূর দৃষ্টি যায় মানুষের ঢল। সকাল থেকে সন্ধা পর্যন্ত ঈদের আনন্দ উপভোগ করছেন সব বয়সী মানুষ।
আরও পড়ুন: টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত
রাকিবুল হাসান, জুয়েল রানা, সাদিকুল ইসলাম, জহুরুল ইসলাম, রবিন হোসেন, শাহারিয়ার, আফছানা খাতুন, মীম খাতুন, রুপালি পারভিন প্রমূখ বলেন, প্রতিবছর ঈদে আমরা তাড়াশ-গুরুদাসপুর মৈত্রী সড়কের কুন্দইল পয়েন্টে ঘুরতে আসি। এখানে না এলে ঈদ আনন্দ পরিপূর্ণ হয়না।
তারা আরও বলেন, ঈদে আনন্দ কখনও কখনও বিষাদে পরিণত হয়। কুন্দইল পয়েন্টের কোথাও সৌচাগার নাই। রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে সেতুর আশপাশে কোনো ছাউনি নাই। না আছে মানসম্মত হোটেল-রেস্টুরেন্ট।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশের) সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেন, চলনবিলের মাঝে কুন্দইল পয়েন্ট সম্ভাবনাময় একটি পর্যটন এলাকা। স্থানটি ভ্রমণ পিপাসুদের উপযোগী করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমআরএম