ঢাকা সেনানিবাসস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ মে) এই পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৯ সালে বিইউপি-এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের অধীনে বিএসএস (অর্নাস) ইন মাস কমিউনিকেশনস অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামে ডিফেন্স জার্নালিজম নামে একটি নতুন কোর্স চালু হয়েছে। কোর্সটি সম্পর্কে বাস্তবিক জ্ঞান ও মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর একটি দল আইএসপিআর পরিদর্শন করেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই সভায় আইএসপিআর পরিচালক উপস্থিত সকলের উদ্দেশ্যে আইএসপিআরের কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সঙ্গে মিডিয়ার সমন্বয় তথা সার্বিক বিষয়ে বাস্তবতার নিরিখে তার বক্তব্য তুলে ধরেন।
এ সময় বিভিন্ন টেলিভিশন থেকে আমন্ত্রিত সাংবাদিকরা তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। সকলের বক্তব্য শেষে এক প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন হয়। সভায় শিক্ষার্থীরা আইএসপিআর অফিসে ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ কর্মজীবন শুরুর প্রত্যাশা জ্ঞাপন করেন।