পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার রেকর্ড

পাকিস্তান সরকার পেট্রোল-ডিজেলের দাম বাড়ার রেকর্ড গড়েছে। প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ৩০ রুপি করে বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি পুনরুজ্জীবিত করতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে পাকিস্তানের ইতিহাসে এক ধাক্কায় সর্বোচ্চ দাম বাড়ার নজির তৈরি হয়েছে। সরকারের ঘোষিত বর্ধিত দাম স্থানীয় সময় শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম এখন ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেল ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন লিটারপ্রতি ১৫৫ দশমিক ৫৬ রুপিতে বিক্রি হচ্ছে। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) সঙ্গে ৬ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা ফের চালু করতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরদিনই এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান, সরকারের কাছে দাম বাড়ানোর কোনো বিকল্প ছিল না। নতুন করে দাম বাড়ানোর পরও সরকারকে লিটারপ্রতি ৫৬ রুপি করে ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান তিনি। দাম বাড়ানোয় রাজনৈতিক সমালোচনা নিয়ে সরকার সচেতন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমালোচিত হব কিন্তু রাষ্ট্রের স্বার্থ রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত না নিলে সরকার ভুল পথে হাঁটত উল্লেখ করে তিনি জানান, কেবল আইএমএফ এর চাপের কারণে দাম বাড়ানো হয়নি।

এদিকে, পেট্রোলের দাম বাড়ানোয় শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই চেয়ারম্যান বলেছেন, জাতি মুদ্রাস্ফীতির আরেকটি বড় মাত্রা ধাক্কা খাবে।