জায়গা স্বল্পতা: নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তর হবে ট্রাক টার্মিনালে

স্থান স্বল্পতার কারণে অস্থায়ীভাবে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি করপোরেশন। আগামী দুই-তিন মাসের মধ্যে টার্মিনালটি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনালে স্থানান্তর করা হবে। 

জানা গেছে, বরিশাল নগরীর নথুল্লাবাদে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পাঁচ বছর আগেও অভ্যন্তরীণ রুটের মাত্র ৯০টি বাস ছিল। তবে বর্তমানে সেই বাসের সংখ্যা ১৯০টি এবং দূরপাল্লার রুট মিলিয়ে এই টার্মিনালে বাসের সংখ্যা ৩ শতাধিক। তবে এসব বাস রাখার জন্য যথেষ্ট জায়গা নেই কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে। যে কারণে বাসগুলো রাখা হয় টার্মিনালের সামনের সড়ক, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনের সড়ক দখল করে। যে কারণে ঐ সড়কটি ব্যবহারের অনুপযোগীর পাশাপাশি বাসমালিক ও শ্রমিকরা রয়েছেন চুরির আতঙ্কে। খোলা স্থানে বাস রাখায় বিভিন্ন সময় বাসের ব্যাটারিসহ নানা যন্ত্রাংশ চুরির মতো ঘটনাও ঘটছে অহরহ।

সামি সাদি পরিবহনের চালক তরিকুল ইসলাম বলেন, বাস টার্মিনালের যে বর্তমান অবস্থা তাতে বাস রাখা অনেক কষ্টের। বাস একবার টার্মিনালের মধ্যে ঢুকালে বের করতে সমস্যা হয়। তুফান মেল পরিবহনের চালক মো. সুমন বলেন, শুনছি ট্রাক টার্মিনালের জন্য যে জায়গা করছিল ঐ জায়গায় বাসস্ট্যান্ড নেবে। বাসস্ট্যান্ডের চাইতে ট্রাক টার্মিনালের জায়গা বড়। এটি হলে ভোগান্তি মনে হয় কমবে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, দিনকে দিন কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের সংখ্যা বাড়ছেই। পদ্মা সেতু চালু হলে নতুন অনেক কোম্পানির বাস এই টার্মিনালে থাকবে। এখন যে বাস রয়েছে সেই বাসগুলোকেই জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না টার্মিনালে। এতে টার্মিনালের সামনে যানজটও বাড়ছে। জনগণের ভোগান্তি তো হচ্ছেই, বাস মালিকরাও ভোগান্তিতে রয়েছে। এমন অবস্থায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি যন্ত্রাংশের দোকানগুলোও সেখানে স্থানান্তর করা হবে। আগামী তিন মাসের মধ্যেই বাস টার্মিনাল ট্রাক টার্মিনালে স্থানান্তর হবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, বর্তমানে যেখানে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে সেখানে জায়গা স্বল্পতা রয়েছে। বিষয়টি চিন্তা করে মেয়র শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনালে বাস টার্মিনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। অস্থায়ীভাবে সেখান থেকেই বাস চলাচল করবে। তাছাড়া সিটি করপোরেশনের প্ল্যান অনুযায়ী বর্তমানে যেখানে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে সেখানে, নগর ভবন এবং গড়িয়ারপারে কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণের কথা রয়েছে। গড়িয়ার পারে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থায়ীভাবে স্থানান্তর হলে কোনো সমস্যা থাকবে না।