ফুলবাড়ীতে চড়া দামে বিক্রি হচ্ছে বোতলজাত তেল 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাটবাজারে সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা নির্ধারিত দাম মুছে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। 

সম্প্রতি উপজেলার মাদিলাহাট, আটপুকুর ও বারাই এলাকাসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা এমন চিত্র দেখা গেছে। আটপুকুরহাটের এক মুদি দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডিলারদের কাছ থেকে বেশি দামে তেল কেনার কারণে তিনিও একটু বেশি দামে বিক্রি করছেন। পুরোনো তেলের মূল্য মুছে দিয়েছেন। তবে নতুন মূল্যতালিকা ঠিক রয়েছে। 

ক্রেতা আব্দুস সামাদ বলেন, দোকানে তেল কিনতে গেলে প্রথমে বলা হয় তেল নেই। পরক্ষণে প্রস্তাব আসে ২/১ বোতল তেল আছে দাম একটু বেশি পড়বে।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, আগামী দিনগুলোতে ইউনিয়ন পর্যায়ের দোকানে অভিযান পরিচালনা করা হবে।