বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ১০

বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। রবিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এ ঘটনা ঘটে।

নিহত ১০ জনের মধ্যে ৭ জনের পরিচয় মিলেছে। তারা হলেন-  ঝালকাঠি ওজলা সদ‌রের নেয়ড়ী এলাকার ম‌নির হো‌সেন হাওলাদা‌রের ছে‌লে আরাফাত হো‌সেন হাওলাদার (৯), পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া উপ‌জেলার উত্তর ভেচ‌কি এলাকার কুদ্দুস আক‌নের ছে‌লে নজরুল ইসলাম আকন (৩৫), একই উপ‌জেলার ভেচ‌কি এলাকার রা‌কিব আক‌নের স্ত্রী আ‌নোয়ারা বেগম (২০),  বরগুনা জেলার বেতাগী উপ‌জেলার কা‌জিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছে‌লে হা‌লিম মিয়া (৩১), ফ‌রিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলীর ছে‌লে সেন্টু মোল্লা (৫০), ব‌রিশা‌লের বা‌কেরগঞ্জ উপ‌জেলার সুন্দরকা‌ঠি গ্রা‌মের মৃত আবুল কা‌শেম হাওলাদা‌রের ছে‌লে রমজান হাওলাদার (৩৮) ও ব‌রিশা‌লের উ‌জিরপুর উপ‌জেলার মুন্ডুপাশা গ্রা‌মের মনোরঞ্জন শী‌লের ছে‌লে মাধব শীল (৪৫)।

বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন।

উজিরপুর থানার ওসি আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। বাস কেটে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ বের করা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ বাস কেটে বের করা হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।