নারী উদ্যোক্তাদের সংগঠন 'উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)'-এর আয়োজনে বছরব্যাপী প্রশিক্ষণ চলছে সফট স্কিলের ওপর। ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় দূতাবাস উইকে এ ট্রেনিং সেশনটি উপহার হিসেবে দিয়েছে। যাতে উই-এর উদ্যোক্তারা নিজেদের সফট স্কিল এবং সেই সঙ্গে তাদের উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করতে পারেন।
শনিবার (২৮ মে) বেলা ১১টায় রাজধানীর গুলশানে অবস্থিত ‘ভারত ভবনে’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই ট্রেনিংয়ের মাধ্যমে একজন উদ্যোক্তার ব্যাবসায়িক যোগাযোগের উন্নতি, ব্যাবসায়িক দক্ষতা ও টিম ম্যানেজমেন্টে ভারসাম্য আনার ব্যাপারে জানতে ও শিখতে পারবেন। এই সেশনটি ব্যবসা পরিচালনা পদ্ধতিকে সুচারু করে তুলতে এবং ক্লায়েন্টের সাথে ব্যাবসায়িক সখ্যতা গড়ে তুলতে সাহায্য করবে। আলাদা করে সময় বের না করে দৈনন্দিন রুটিনের মধ্যে থেকেই কিভাবে ইন্টারপারসোনাল স্কিলস ডেভেলপ করা সম্ভব, তা নিয়েও আলোচনা করা হয়।
উই-এর যারা সাবস্ক্রাইবার এবং নিয়মিত উদ্যোক্তা সবার জন্যই এই প্রশিক্ষণ কর্মশালা উন্মুক্ত। আয়োজনটির সার্বিক সহযোগীতায় কাজ করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাস, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন এবং সিল্কক গ্লোবাল এর সিইও, উই-এর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু।
উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, উই সবসময় নারীদের এগিয়ে যাওয়া নিয়ে চিন্তা করে থাকে। আমরা সব সময় চাই উই-এর হাত ধরে দেশের নারীরা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখুক। আর তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করতে হয় তা উই সবসময় করবে। তারই একটা পদক্ষেপ হলো সফট স্কিল ট্রেনিং, যে ট্রেনিং ক্লাসগুলো করার মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসায়ের নানা রকম সমস্যা ও সমাধানের সব বিষয়ে ধারণা নিতে পারবে। তাই সরকার, ভারতীয় দূতাবাস এবং সিল্কক গ্লোবালের পূর্ণ সহযোগীতায় এবার বছরব্যাপী আটটি ক্লাস, একটি ওয়ার্কশপ এবং একটি সমাবর্তনী অনুষ্ঠানের আয়োজন করছি যেখানে উদ্যোক্তাদের সার্টিফিকেটও দেওয়া হবে।
সিল্কক গ্লোবাল এর প্রতিষ্ঠাতা এবং উই এর এডভাইজার সৌম্য বসু বলেন, আমি বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই, ভারতীয় দূতাবাস এবং আইসিটি মিনিস্ট্রিকে এই সুযোগে সহায়তা করার জন্য। উই সবসময় নারীদের নিয়ে ব্যতিক্রম কিছু পরিকল্পনা করেন, আর তার ই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সফট স্কিল ট্রেনিং।আমরা চাই উই এর মাধ্যমে নারী উদ্যোক্তারা এই ক্লাস গুলোতে নিয়মিত অংশগ্রহণ করার মাধ্যমে দক্ষ হয়ে উঠুক। সেই সাথে নিজেদের এবং তাদের উদ্যোগকে আরও ভালো ভাবে এগিয়ে নিয়ে যাক। সফট স্কিলের এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে।