লালমনিরহাটের কালীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। রবিবার (২৯ মে) ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ট্রাকচালক মাকেজ আলী বগুড়ার শেরপুরের মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার ভোরে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে ট্রাক চালক মাকেজ আলী লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর যাচ্ছিল । অপরদিকে লালমনিরহাট -বুড়িমারী থেকে পণ্যবাহী একটি ট্রাক নারায়ণগঞ্জে যাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল। এসময় লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা চাপারতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মাকেজ আলী নিহত হন।
এ বিষয়ে ওসি গোলাম রসুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।