রাবিতে ছাত্রদলকে প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার(২৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘোষণা দেন।

কর্মসূচিতে বিভিন্ন হল ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য দেন। তারা বলেন, ছাত্রদল সবসময় ক্যাম্পাসের অরাজকতা সৃষ্টি করে পড়াশোনার পরিবেশ নষ্ট করে। এছাড়া ক্যাম্পাসের যেখানে কোনো ছাত্রদল নেতাকে পাওয়া যাবে তাকে গণধোলাই করে ক্যাম্পাস ছাড়া করা হবে।

এই সময় কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ছাত্রদলের অছাত্ররা যখনি ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা তখন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। ঢাবিতে ঘটনার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্রদলের ক্যাডাররা একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। এই ছাত্রদল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গণপিটুনি দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেন। একাত্তরের পরাজিত শক্তি যাদের জনপ্রিয়তা ও ছাত্রত্ব নেই তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না।

ছাত্রদল-ছাত্রশিবিরের উদ্দেশে সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, তারা যদি এ বিশ্ববিদ্যালয়ে কোন অরাজকতা সৃষ্টি করতে চায়, তবে তাদের প্রতিহত করতে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা প্রস্তুত আছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট আছি।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালানায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, সহ-সভাপতি আমিরুল ইসলাম লিংকন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল- গালিব, উপ-ধর্ম বিষয়ক তাওহীদ দুর্জয়প্রমুখ।