ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ শরীয়ত আলী (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে পুলিশ। অপরদিকে মোবারক আলী (৫০) নামের এক মাদক কারবারির বাড়ি থেকে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তবে তাকে আটক করা যায়নি। শনিবার (২৮ মে) রাতভর এ অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ। 

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই রাহাত আলম ও এএসআই আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী ইসলামীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন পুকুরের পশ্চিম পাশের রাস্তা থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি শরীয়ত আলীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শরীয়ত আলী, উপজেলার সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিমফুলমতি গ্রামের ফজর আলীর ছেলে।

অপর দিকে শনিবার গভীর রাতে ফুলবাড়ী থানার এস আই আবু বক্কর সিদ্দিক ও এএসআই মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে রওশন শিমুলবাড়ী এলাকার এক মাদক কারবারির বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যান। পরে পুলিশ ঐ মাদক কারবারির গোয়াল ঘরের ভিতর মাটির গর্ত থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশ বাদী হয়ে পালিয়ে যাওয়া মাদক কারবারি মোবারক আলী (৫০)এর বিরুদ্ধে রবিবার সকালে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। 
  
ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।