ফরিদপুরের নগরকান্দায় বাবু মোল্লা (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাবু উপজেলার চর ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিলু মোল্লার ছেলে।
শনিবার রাতে ১০টার দিকে উপজেলার মিনার গ্রামের পরিত্যক্ত ইটভাটার পাশে তার ওপর হামলা করা হয়। রবিবার ভোরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, বাবু নগরকান্দা সদর বাজারে হার্ডওয়ারের ব্যবসা করেন। শনিবার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। মিনার গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয় ও শরীরের বিভিন্ন স্থানে রড ঢুকিয়ে দেওয়া হয়। পরে পথচারীরা বাবুকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।