শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসান (২৭) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও এক যুবক।
রবিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি পেয়ে এক মাসের জন্য বাংলাদেশে নিজ বাড়িতে আসেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদি হাসান গত রাতে সখিপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি, কোড়ালতলী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে খাদে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি এবং তার এক সঙ্গী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের শরীয়তপুর জেলা ১০০ শয্যা সরকারি হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে নিয়ে গেলে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। আহত যুবককে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।