গঙ্গাচড়ায় সড়কে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে

কালো কুচকুচে পানি। তার ওপর মশা-মাছির উপদ্রব। সেখান থেকে ছড়াচ্ছে রোগজীবাণু। সেই সঙ্গে দুর্গন্ধ। এমন চিত্র গঙ্গাচড়া বাজারের গুরুত্বপূর্ণ সোনালী ব্যাংক সড়কের। পানি নিষ্কাশনের জন্য ড্রেন করা হলেও তা কাজে আসছে না। ফলে সড়কটিতে জলাবদ্ধতা লেগেই আছে। এতে নিত্যদুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের।  

স্থানীয়রা জানায়, সামান্য বৃষ্টিতেই জনগুরুত্বপূর্ণ সড়কটি তলিয়ে যায়। দেখা দেয় জলাবদ্ধতা। সড়কের পাশে রয়েছে সোনালী ব্যাংক, উপজেলা ভূমি অফিস, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কার্যালয়, গঙ্গাচড়া প্রেস ক্লাব।  

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে চলাচল করা মুশকিল। কখন কাদাপানি গায়ে লাগে। সামান্য বৃষ্টি হলে চলাচল অযোগ্য হয়ে যায়।  

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা জানান, অফিসের সামনের সড়কের পানি থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে।  

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে কয়েক বার আলোচনা হয়েছে।  

এলজিইডির উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, সড়কটি নিচু হওয়ার কারণে এ সমস্যা হচ্ছে। তাছাড়া জেলা পরিষদ থেকে ড্রেন নির্মাণে কিছু ত্রুটি ছিল।  এডিপির বরাদ্দ থেকে কোনো কাজ করা যায় কিনা বিষয়টি ভাবা হচ্ছে।