নেত্রকোনায় শতভাগ বোরো ফসল কাটা শেষ

চলতি বোরো মৌসুমে নেত্রকোনায় বোরো ফসল কাটা শতভাগ শেষ হয়েছে। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাব মতে, শনিবার পর্যন্ত আবাদকৃত ১ লাখ ৮৪ হাজার ৮২৮ হেক্টর জমির সব বোরো ধান কাটা শেষ হয়েছে। আগাম বন্যা নেত্রকোনার বোরো ফসলের কোনো ক্ষতি করতে পারেনি। এদিকে গত কয়েক দিন যাবৎ রোদ পাওয়ায় কৃষকরা ধানও মোটামুটি শুকাতে পেরেছেন। 

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলী জানান, বোরো ধান পাকার সময় পাঁচটি হাওর উপজেলায় আগাম বন্যার পানি আসায় কৃষকরা হুমকিতে পড়েছিলেন। কিন্তু ফসল রক্ষা বাঁধগুলো শক্ত থাকায় এবং সময়মতো বাঁধ নির্মিত হওয়ায় হাওরের বাঁধের ভেতরের কোনো ফসলের এক ছটাকও ক্ষতি হয়নি। 

তিনি আরো বলেন, এবার হাওরে ফসল কাটার বিশেষত্ব হচ্ছে রিকশাচালক, ভ্যানচালক এবং ছুটিতে আসা গার্মেন্টস শ্রমিকরাও ধান কেটেছে। এ রকম শ্রমিকের সংখ্যা ছিল ১৭ হাজারের মতো। 

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, আগামীতে পিআইসি কমিটিগুলো যাতে দ্রুত হয় এবং বাঁধগুলো দ্রুত নির্মাণ করা যায় তার উদ্যোগ এখন থেকেই নেওয়া হচ্ছে।