সাভারে আরও তিনটি অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের পর রবিবার (২৯ মে) সাভার আনন্দপুর এলাকায় অবস্থিত দেশ ক্লিনিক, হেমায়েতপুর এলাকার কেয়ার হাসপাতাল ও উলাইল এলাকার যমুনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান তিনটিকে সিলগালা করে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা মিঠুর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ দল সাভারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান চালান।
মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হুদা মিঠু বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের পর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানকালে দেশ ক্লিনিক, কেয়ার হাসপাতাল ও যমুনা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাদের অনুমোদনের কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয়। এসময় প্রতিষ্ঠান তিনটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইতিপূর্বে গত বৃহস্পতিবার সাভার থানা রোডে অবস্থিত মুক্তি ক্লিনিক ও বাসস্ট্যান্ড এলাকার সাভার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে দেয় উপজেলা স্বাস্থ্য প্রশাসন।