নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে আগামী দুই-তিন মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। তিনি বলেন, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বা মহলের পক্ষ থেকে চাপ নেই।
রবিবার (২৯ মে) সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে চ্যালেঞ্জ নিতে কমিশন প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ইস্যুতে রাজনৈতিক দলের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিশেষজ্ঞরা ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। বিশেষজ্ঞরা একটি ত্রুটি ধরতে পারেন তবে ইভিএম নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
তিনি সিলেটের বিয়ানীবাজারে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিয়ে মতবিনিময়ে সুষ্ঠু ভোটের আশ্বাস দেন।
উপজেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদসহ সব প্রার্থীরা উপস্থিত ছিলেন।