শনিবার (২৮ মে) ওয়াশিংটন ডিসির ‘মাদার অরগেনাইজেশন’ (মা সংগঠন), লিটল বাংলাদেশ খ্যাত বি সি সি ডি আই ‘বাংলা স্কুল’ এর বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হলো আরলিংটনের মেসন ডিস্ট্রিক পার্কের সুসজ্জিত মঞ্চে। রমজান, ঈদ ও আবহাওয়া জনিত কারণে এ অনুষ্ঠানটি বিলম্বে উদযাপিত হয়।
মেমোরিয়াল ডে’র লং উইক এন্ড শুরুর দিন স্বত্বেও বিকেলে মঞ্চের সামনের আসন দর্শকে পরিপূর্ণ হয়ে যায়।
স্কুলের সব গ্রুপের ছেলেমেয়েদের নিজেদের সুন্দর সুশৃংখল দেশাত্ববোধক, ফোক, মরমী গান ও অনিন্দ সুন্দর নাচ পরিবেশনা দর্শক শ্রোতা বিমুগ্ধ হয়ে উপভোগ করেন। অধিকাংশ দর্শক শ্রোতাই গান ও নৃত্যের তালে তালে নেচে গেয়ে নিজেরাও বাংলাদেশের ফেলে আসা দিনে ফিরে গিয়েছিলেন।
অল্প কজন স্থানীয় শিল্পীর পরিবেশনার পর বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী শুভ্রদেবের সরগরম পরিবেশনায় নারী পুরুষের সমন্বিত নাচ ও গানের মাধ্যমে পুরো পার্কটি একটি ছোট্র বাংলাদেশে রুপ নিয়েছিল।
অবন্তি জামান, ঈসাল, অংকিতা, অবন্তি ২, নোরা, সাবিহা, সাবরিনা, টানিসা, সিমি, সুমিত, আরিয়ান, অহনা, অতসি, আনিতা, সুসান, আদিয়ান, ফার্জিন ও মুহিত ও টনুজাসহ স্কুলের প্রায় শখানেক বিভিন্ন বয়সের ছাত্র ছাত্রী নাচ ও গান পরিবেশন করে।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন স্কুলটির প্রিন্সিপাল, কমিউনিটির সুপরিচিত মুখ ও অভিভাবক শামীম চৌধুরী, স্কুল পরিচালনা বোর্ডের সদস্যসহ সব সাধারণ সদস্য ( ছাত্র ছাত্রীদের বাবা-মা)। সংগীত পরিচালনায় ছিলেন নাসির চৌধুরী ও নৃত্য ও কোরীও গ্রাফিতে ছিলেন রোকেয়া জাহান হাসি।