বাঘারপাড়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০মে) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

মৃতরা হলো-ঐ এলাকার হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও সাঈদ মোল্যার ছেলে হোসাইন (৮)। 

বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান সরদার বলেন, দুপুরে ঐ এলাকার চার শিশু পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের মধ্যে তিনজন পুকুরে ডুবে যায়। আরেক শিশু দৌঁড়ে বাড়ি ফিরে জানায়-অন্যরা পুকুরে ডুবে গেছে। স্থানীয়রা পুকুরে নেমে শিশুদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আল আমিন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে।’

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, ‘পুকুরটি গভীর ও বাচ্চারা সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।’