বরিশালে বেসরকারি সময় টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অপূর্ব অপুকে প্রকাশ্যে দিবালোকে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজহার অজ্ঞাতনামা ৫-৭ জন আসামীর কথা উল্লেখ করা হয়েছে।
রবিবার রাত ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
তিনি জানান, তারা বিষয়টি গুরুত্বের সহিত দেখছেন, সেইসাথে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে সাংবাদিক অপূর্ব অপু বলেন, রবিবার দুপুরে বাসা থেকে অফিসে যাওয়ার সময় মুমীতু কমিউনিটি সেন্টার অতিক্রমকালে কতিপয় অজ্ঞাত ব্যক্তি আমার পথরোধ করে নিউজ না করার কথা বলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় আমি তাদের কাছে কোন নিউজ প্রকাশ হয়েছে তা জানতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হয়। এসময় তারা আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর শুরু করেন এবং সাংবাদিকতা করতে দিবে না বলে হুমকি দেয়। তখন তাদের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালানোর চেষ্টা করলে আমাকে একটি সাদা রঙের প্রাইভেটকারে ওঠানোর চেষ্টা চালানো হয়। এ সময় ডাক-চিৎকার দিয়ে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই।
সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন জানান, খবর পেয়ে সহকর্মীরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। মুমীতু কমিউনিটি সেন্টারের সিসিটিভি ফুটেজ অপুকে মারধর ও অপহরণের চেষ্টার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সেই সঙ্গে দুর্বৃত্তরা আগে থেকেই সাদা রঙের প্রাইভেটকারটি নিয়ে মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে আসে এবং বারবার কমিউনিটি সেন্টারের ভেতরে ও বাহিরে আসা যাওয়া করছিলো তাও দেখা যায়। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে তাদের পরিচয় প্রকাশ না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে মুমীত কমিউনিটি সেন্টারের প্রোপাইটার শাহিন হোসেন মল্লিক মামুনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তার দেওয়া তথ্যে ঘটনার সময় সেখানে থাকা কয়েকজন ব্যক্তির পরিচয় জানা গেছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
অপরদিকে সাংবাদিক অপুর্ব অপুর সঙ্গে ঘটা ওই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ), সাংবাদিক ইউনিয়ন বরিশাল, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিইমজা), বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ (বিটিসিএ) সাংবাদিক সংগঠনগুলো।