স্বেচ্ছাশ্রমে ১০ কিলোমিটার রাস্তা মেরামত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

ঈদের দিন আনন্দ উপভোগ না করে স্বউদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করে দৃষ্টান্ত স্থাপন করেছে দেশে ও বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিবগঞ্জের শতাধিক শিক্ষার্থী।

এ মহত কাজটি সম্পূর্ণ হয়েছে শিবগঞ্জে ‘আলোর দিশারী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলাচলের অযোগ্য প্রায় ১০ কিলোমিটার ভাঙা রাস্তা মেরামতের মাধ্যমে। বুধবার সকালে ঈদের নামাজের পরপরই প্রায় ২শ ৫০ জন শিক্ষার্থী ও আলোর দিশারীর সদস্য ডালি ও কোদাল নিয়ে এ কাজে নেমে পড়েন। সরেজমিনে গিয়ে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনাকষা ইউনিয়নের সাহাপাড়ার এলাকার সন্তান ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরার সময় ভাঙা রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার হয়। এমনকি কেউ কেউ দুর্ঘটনার শিকারও হন।

৩এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে রাবি শিক্ষার্থী ও শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহাব রিয়াজ, অসীম আকরাম, ঢাবির শিক্ষার্থী ও ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সদস্য মসিউর রহমান, আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিদুর, পাবনা বি,প্র, বি এর শিক্ষার্থী হানিফ, জগন্নাথ বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী শামীম রেজা, বুয়েটের শিক্ষার্থী আসাদুল হক ও রামেকের শিক্ষার্থী রাকিবুল হক, ঢাবির শিক্ষার্থী শামসুল হক ড্যানিসহ প্রায় ৪০/৫০শিক্ষার্থী মঙ্গলবার বিকালে সাহাপাড়া বাজারে আলোর দিশারীর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সাপেক্ষে আলোর দিশারীর উদ্যোগে ব্যাপক প্রচারের মাধ্যমে ঈদের দিন আনন্দ উপভোগের পরিবর্তে ঈদের নামাজের পরপরই সকল শিক্ষার্থী ডালি কোদাল নিয়ে সাহাপাড়া বাজার হতে মনাকষা ঈদগাহ মোড় পর্যন্ত ভাঙা রাস্তা মেরামত করবো।

এ সিদ্ধান্তের কথা এলাকায় প্রচার করলে ব্যাপক সাড়া পড়ে। ফলে বুধবার ঈদের নামাজের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২শ ৫০জন শিক্ষার্থী, বৃক্ষ প্রেমিক কার্তিক প্রমানিক, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম ও সদস্য শাহ আলম এ স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করেন। দিনব্যাপী সাহাপাড়া বাজার হতে মনাকষা ঈদগাহ মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শেষ করে।