নাটোরে ইমো হ্যাকিং চক্রের ৩ প্রতারককে গ্রেফতার করেছে নাটোর র্যাব ক্যাম্পের আভিযানিক দল। মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ১২ টার দিকে জেলার লালপুর থানাধীন মহারাজপুর গ্রামস্থ পাকার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহরকয়া গ্রামের মো. সাহাবুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান রনি (২৫), মোহরকয়া বাংলা পাড়া এলাকার মো. ইয়াছিন আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২২) ও নাকশষা এলাকার মো. সাজদার রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০)।
নাটোর র্যাব ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মহারাজপুর গ্রামস্থ পাকার মোড় এলাকায় কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় ৫টি মোবাইল সেট, ৯টি সিমকার্ড, ও ১টি মোটর সাইকেলসহ গ্রেফতারকৃত আসামিদের আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ৩ জন আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে ইমো সফটওয়্যারে অবৈধ প্রবেশ এবং মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপণপূর্বক বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারণার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিতজনদের কাছ হতে প্রতারণাপূর্বক বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।