কেন্দুয়ায় খেলার মাঠ রক্ষার দাবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শতবর্ষী একটি সরকারি খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। এদিকে প্রশাসনের এ সিদ্ধান্ত বাতিল করে ঐ খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

সম্প্রতি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের ঐতিহ্যবাহী ঐ খেলার মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মিজানুর রহমান বিএসসি, স্থানীয় শিক্ষক নুরুল আমিন সবুজ, স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান চুন্নু, হাবিবুর রহমান মণ্ডল ও সাবেক ইউপি সদস্য হায়দার আলী তালুকদার প্রমুখ। 

বলাইশিমুল গ্রামের স্কুলছাত্র মুজাহিদুল ইসলাম জানায়, লেখাপড়ার পাশাপাশি আমরা এ মাঠে খেলাধুলা করে সময় কাটাই। কিন্তু মাঠে গুচ্ছগ্রাম হলে আমরা খেলাধুলা করতে পারব না। 

স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন কবীর বলেন, আমাদের বলাইশিমুল গ্রামের খেলার মাঠটি বহু পুরোনো। এখানে আশ্রয়ণ প্রকল্প হলে এলাকার শিক্ষার্থীদের খেলাধুলা করার মতো আর কোনো জায়গা থাকবে না। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, আমি এখানে যোগদানের পূর্বেই ঐ মাঠের একাংশে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।