চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ৫০ দোকান পুড়ে ছাই

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

চৌমুহনী শহরের স্টেশন রোডে শুক্রবার সকাল ৬টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঈদের ছুটি এবং শুক্রবারে বাজার বন্ধ থাকায় সব দোকান তালা বন্ধ ছিল। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। চৌমুহনী মাইজদীসহ কয়েক স্থানের অগ্নিনির্বাপক দল তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি নির্বাপকদল এলেও পানি পেতে অনেক বেগ পেতে হয়। কারণ আশপাশের জলাশয়গুলো অবৈধ দখলদাররা প্রায় ভরাট করে দখলে নিয়ে নেয়। অগ্নিকাণ্ডের ফলে দোকানের মালিকগণ সর্বস্ব হারিয়ে পথে বসেছে।

নোয়াখালী অগ্নিনির্বাপক দপ্তরের সহকারী পরিচালক হুমায়ুন কবীর জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চৌমুহনী, মাইজদীসহ পাঁচটি ইউনিট অগ্নিকাণ্ডস্থলে এলেও অগ্নিকাণ্ডের তীব্রতা এতই বেশি ছিল তা ট্যাংকের পানি শেষ হওয়ার পর পানির জন্য খুব বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে গেছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতি নিরূপণ করা যাবে।