রাশিয়ার একসময়ের নেতা বরিস ইয়েলৎসিনের মেয়ের জামাই ভালেন্তিন ইউমাশেভ ক্রেমলিনের উপদেষ্টার পদ ছেড়ে দিয়েছেন। তথ্যটি জানিয়েছেন বিষয়টি সম্বন্ধে অবগত দুই ব্যক্তি। ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় আসার ক্ষেত্রে ইয়েলৎসিনের সহায়ক ভূমিকা ছিল| খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউমাশেভ ছিলেন অবৈতনিক উপদেষ্টা এবং পুতিনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার প্রভাব খুবই সীমিত ছিল। তার প্রস্হানে ইয়েলৎসিন শাসনামলের সঙ্গে পুতিন প্রশাসনের যোগসূত্রের শেষ সংযোগগুলোর একটিও কাটা পড়ল। পুতিন এ বছরের ২৪ ফেব্রুয়ারি তার সশস্ত্র বাহিনীকে ইউক্রেনে হামলার নির্দেশ দেন। পশ্চিমা সরকারগুলো মস্কোর এই আক্রমণকে অন্যাঘ্য আগ্রাসন হিসেবে দেখছে। অন্যদিকে, মস্কো একে বলছে ‘বিশেষ অভিযান’, যা ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশভাষীদের রক্ষায় জরুরি হয়ে পড়েছিল।
এর মধ্যেই মার্চে ইয়েলৎসিন আমলের ঊর্ধ্বতন কর্মকর্তা আনাতোলি চুবাইস ক্রেমলিনের বিশেষ দূতের পদ ছাড়েন। চলতি মাসে জাতিসংঘে রাশিয়া মিশনের এক কর্মকর্তাও যুদ্ধের কারণে চাকরি ছেড়ে দেন। ইউমাশেভের উপদেষ্টার পদ ছাড়া নিয়ে মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের সাড়া মেলেনি। এ ব্যাপারে ইউমাশেভেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।