বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসকের ভুলের শিকার ৩ সন্তানের এক জননী। দেড় মাস আগে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের সময় তারে পেটে গজ রেখেই সেলাই করে দেন চিকিৎসক। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে দেড়মাস পর পুনরায় অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়েছে। তবে এতদিনে সেখানে পচন ধরে ক্ষতের সৃষ্টি হয়েছে।
বিষয়টি তদন্তে মঙ্গলবার (৩১ মে) তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।
হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন ভুক্তভোগী নারী শারমিন আক্তার শিলা মঙ্গলবার জানান, ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার বাসিন্দা জিয়াউল হাসানের স্ত্রী তিনি। সিজারিয়ানের মাধ্যমে গত ১৬ এপ্রিল বরিশাল শেবাচিম হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অস্ত্রচারের পার থেকে পেটে ব্যথা অনুভব করেছিলেন তিনি। এজন্য সার্জারি বিভাগে চিকিৎসাও দেয়া হয় তাকে। সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছু দিন পর শুরু হয় প্রচণ্ড ব্যথা। সম্প্রতি পেট ফুটো হয়ে পুঁজ বের হয়ে। এরপর আবারও ভর্তি করা হয় শেবাচিম হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় শারমিনের পেটের ভেতর গজ রয়ে গেছে। পরে ২২ মে পুনরায় অস্ত্রচার করে তা বের করেন শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. নাজিমুল হক।
তিনি জানান, দীর্ঘদিন ধরে পেটের ভিতরে গজ থাকায় পচন ধরে নাড়ি ফুটো হয়ে গেছে। পুনরায় অস্ত্রচার করে সেগুলো ঠিক করার চেষ্টা করা হয়েছে।
তবে চিকিৎসকের ভুলে স্ত্রীর এমন ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন শারমিন আক্তারের স্বামী জিয়াউল হাসান। তিনি বলেন, চিকিৎসকের কাছে আমরা আসি সুস্থ হওয়ার জন্য। সেই চিকিৎসকই আমার স্ত্রীকে অসুস্থ করে দিয়েছে। তবে অভিযুক্ত চিকিৎসকের পরিচয় জানাতে পারেননি তিনি।
এ প্রসঙ্গে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, যেটা ঘটেছে সেটা দুঃখজনক। উক্ত ঘটনা তদন্তে সার্জারি বিভাগের প্রধান ও মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাজিমুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গাইনী বিভাগের প্রধান ডা. খুরশীদ জাহান ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান শাহীনকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।