ফকিরহাটে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি

বাগেরহাটের ফকিরহাটে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অবসর প্রাপ্ত সিনিয়র সচিব মহিবুল হক ও তার চাচাত ভাই শহিদুল হক সাবুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাতে প্রায় ৩ ঘণ্টা তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বার্নালঙ্কার নিয়ে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

ভুক্তভোগী শহিদুল হক সাবু বলেন, লখপুর এলাকায় মহিবুল হক ও আমার বাড়ি একই স্থানে। ঘটনার রাতে আনুমানিক ৩টার দিকে মাক্স ও হাপপ্যান্ট পরিহিত অজ্ঞাত ৬ জন ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে আমি ও আমার ছেলেকে বেধে রাখে। বাইরে বারান্দায় দাঁড়িয়ে ছিল দুই জন। রাতভর তান্ডব চালিয়ে ঘরে থাকা প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার ও ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, মহিবুল হকের বাড়ি আমিই দেখাশুনা করি। সেখানে কেউ থাকেনা। একই রাতে ওই বাড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে ডাকাত দল। আমাদের ধারণা, ওই বাড়ি থেকে কিছুই নেয়নি তারা। কারণ ওই বাড়িতে কোন নগদ টাকা বা স্বর্ণালঙ্কার কিছুই ছিলনা। 

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আলিমুজ্জামান জানান, লখপুর এলাকায় ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসময় বাগেরহাটের পুলিশ সুপারসহ সিআইডি ও পিআইবি দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। অপরাধী যেই হোক, কোনোভাবে সে পার পাবেনা।