ট্রাকচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী-ছেলে

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাকচাপায় হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী ও শিশু পুত্র গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলার গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ি রোডের কুটিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই নারীর নাম বিথী বেগম (২২)। সে গঙ্গাচড়া উপজেলার পাইকান হাজীপাড়া এলাকার মাহমুদ হাসানের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিথী ও তার শিশুসন্তান স্বামীর সঙ্গে মোটরসাইকেলে গঙ্গাচড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। উপজেলার বড়াইবাড়ি রোডের কুটিরপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিথীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্বামী মাহমুদ হাসান ও সন্তানকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুরের গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে দিয়েছে। নিহত নারীর স্বজনদের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তর করা হবে।