ফাইনালে পর্তুগাল নেদারল্যান্ডস রোনালদোর হ্যাটট্রিক

উয়েফা নেশন্স লিগ

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগাল উয়েফা নেশন্স লিগের শেষ চারে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার উদ্বোধনী আসরের ফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয় সেমি-ফাইনালে নেদারল্যান্ডস একই ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। পর্তুগাল বুধবার রাতে নিজেদের মাঠে সেমি-ফাইনালটির ২৫তম মিনিটে রোনালদোর ফ্রি কিক গোলে এগিয়ে যায়। বিরতির পর সফরকারী সুইজারল্যান্ড পেনাল্টি থেকে সমতায় ফিরলেও ম্যাচের ৮৮ মিনিটে  রোনালদোর গোলে আবারো এক গোলের অগ্রগামিতা ফেরত পায় পর্তুগাল। দুই মিনিট পর প্রতি আক্রমণ থেকে দারুণ এক গোল করে জাতীয় দলের হয়ে ব্যক্তিগত সপ্তম হ্যাটট্রিক পূরণ করেন জুভেন্তাস তারকা। ফলে দলের ফাইনালও নিশ্চিত হয়ে যায়।

বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতার দ্বিতীয় সেমি-ফাইনালের নেদারল্যান্ডসের বিপক্ষে ৩২তম মিনিটে মার্কাস র্যাশফোর্ডের পেনাল্টি থেকে এগিয়ে যায়। ৭৩ মিনিটে ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিখটের গোলে সমতায় ফেরে ডাচরা। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ ও ১১৪ মিনিটে রক্ষণভাগের মারাত্মক দুটি ভুলে ইংল্যান্ড দুটি গোল হজম করে। ফলে বিশ্বকাপের পর উয়েফা নেশন্স লিগেরও ফাইনালে ওঠা হয়নি গ্যারেথ সাউথগেটের শিষ্যদের।