ইংল্যান্ডে ম্যাককালাম যুগের শুরু আজ

ব্রেন্ডন ম্যাককালামেরর জন্য অভিজ্ঞতাটা অম্ল-মধুরই হওয়ার কথা। ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচ হিসেবে আজই শুরু হচ্ছে তার যুগ। কিন্তু সেই যাত্রায় প্রথম প্রতিপক্ষ হিসেবে পেলেন নিজ দেশ নিউজিল্যান্ডকে। লর্ডসে আজ শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

অ্যাশেজ ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ হারের পর টেস্ট দলকে ঢেলে সাজিয়েছে ইংল্যান্ড। অধিনায়কত্বে জো রুটের জায়গায় এসেছেন বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ পড়ার আবারও দলে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। আজ একাদশেও থাকছেন তারা। অভিষেক হচ্ছে ফাস্ট বোলার ম্যাথিউ পটসের।

ম্যাককালামের মতো স্টোকসও তার স্হায়ী অধিনায়কত্বের যাত্রাটা শুরু করছেন জন্মভূমি নিউজিল্যান্ডের বিপক্ষে। দলে নিয়ে স্টোকস বলেন, ‘পুনর্গঠন নিয়ে অনেক কথা হচ্ছে, যেই শব্দটা আমার পছন্দ। আমি শুধু খালি ক্যানভাসই দেখছি। আমি চাই সবাই যেন আমার অধিনায়কত্বে নিজেকে স্বাধীন মনে করে।’

লর্ডসে নিউজিল্যান্ড নামবে জয়ের সুখস্মৃতি নিয়ে। গত গ্রীষ্মে এখানে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল কিউইরা। আইপিএল খেলে আসায় লর্ডস টেস্টে ট্রেন্ট বোল্টের না খেলা অনেকটাই নিশ্চিত। তার পরিবর্তে খেলতে পারেন মাইকেল ব্রেসওয়েল।