নতুন গ্যাসভাণ্ডারের সন্ধানে জার্মানি-নেদারল্যান্ডস

জার্মানি এবং নেদারল্যান্ডস নতুন একটি গ্যাস ফিল্ডের সন্ধান শুরু করেছে। উত্তর সাগরে অবস্থিত সেই গ্যাস ফিল্ডটি থেকে গ্যাস নেওয়া গেলে রাশিয়ার উপর ইউরোপের নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

নেদারল্যান্ডসের সরকার জানিয়েছে, নেদারল্যান্ডস এবং জার্মানির সীমান্ত থেকে উত্তর সাগরের ভিতরে ১০ নটিক্যাল মাইল, অর্থাৎ, ১৯ কিলোমিটার গেলে সমুদ্রের নীচে একটি বিরাট মাপের গ্যাস ফিল্ড আছে। নেদারল্যান্ডসের সরকার ইতিমধ্যেই ওই ফিল্ডটি থেকে গ্যাস তোলার পরিকল্পনা করার সবুজ সংকেত দিয়ে দিয়েছে।

তবে, জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্য এখনো সরকারকে সবুজ সংকেত দেয়নি। তার কারণ, ওই ফিল্ড থেকে গ্যাস তুললে পরিবেশের ক্ষতি হতে পারে। বস্তুত, সে কারণেই এতদিন সেখান থেকে গ্যাস তোলা হয়নি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওই ফিল্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, রুবলে দাম না দেওয়ার জন্য এর আগে পোল্যান্ডে গ্যাস দেওয়া বন্ধ করেছিল রাশিয়া। এবার বন্ধ করা হচ্ছে ডেনমার্কের গ্যাস। দেশের একটি প্রাকৃতিক গ্যাসের ফার্ম জানিয়েছে, রাশিয়া ইতোমধ্যেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।

রাশিয়া ডেনমার্ককে জানিয়েছিল, তাদের রুবলে গ্যাসের দাম দিতে হবে। কিন্তু ডেনমার্ক তাতে রাজি হয়নি। এরপরেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।