খুঁড়িয়ে চলছে নাজিরপুরের টেলিফোন একচেঞ্জ

জরাজীর্ণ ভবনে গ্রাহক সংকট ও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় খুঁড়িয়ে চলছে পিরোজপুরে নাজিরপুরের টেলিফোন একচেঞ্জ। 

অফিস সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলা পরিষদের বিভিন্ন অফিসসহ উপজেলায় মাত্র ৫০ টি সংযোগ রয়েছে। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় প্রাথমিক ভাবে নেওয়া সংযোগ অনেকেই বিচ্ছিন্ন করেছে। অফিসটি কখন খোলা থাকে আর কখন বন্ধ হয় তা বোঝার কোন উপায় নেই। সপ্তাহের প্রায় দিনই থাকে তালা বদ্ধ। পর পর কয়েকদিন অফিসের সিনিয়র অপারেটরের সাথে সাক্ষাৎ করতে গেলে দেখা মেলেনি একদিনও। দায়িত্বে অবহেলা করায় অবহেলিত হয়ে পড়েছে এই সরকারি প্রতিষ্ঠানটি।    

এ বিষয়ে একচেঞ্চের সিনিয়র অপারেটর মো. সোহরাব হেসেন জানান, আমার জানা মতে এ উপজেলায় আনুমানিক ১৫০ টি টেলিফোন সংযোগ ছিল। বর্তমানে সরকারের এ প্রতিষ্ঠানটি ক্ষতির মুখে পড়েছে। তবে ক্ষতি পুষিয়ে উঠতে লাভজনক পর্যায়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। অফিস বন্ধ থাকার বিষয়ে তিনি জানান, আমি অফিসে আসি যেটুকু কাজ থাকে সেটুকু করে অফিস বন্ধ করে চলে যাই। জনবল সংকটের কারণে এ অবস্থা।  

উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, গ্রাহক সংখ্যা কম হওয়ায় এবং বাজারে বিভিন্ন মোবাইল কোম্পানি আসায় প্রতিষ্ঠানটি লোকসানের কবলে পড়েছে। প্রতিষ্ঠানটিকে ডিজিটাল করার জন্য সরকার নানমূখী পদক্ষেপ গ্রহণ করছে। সিনিয়র অপারেটর সোহরাব অফিস ফাঁকি দিচ্ছে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।