বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। পদ্মার পাড়ে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে জনসভা এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে। উৎসবের এই সভায় জাতির উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে উন্নয়ন অগ্রগতির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এই উদ্বোধন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকালে পদ্মার পাড়ে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনকালে আওয়ামী লীগের এই নেতা এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, পদ্মার পাড়ের এই ঐতিহাসিক জনসভায় ১০ লক্ষাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। জনসভার পর ফানুস উড়ানো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো অনুষ্ঠানসূচি আয়োজন করা হবে। এর সার্বিক দায়িত্ব স্থানীয় সংসদ সদস্য আমাদের নেতা চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর। সহযোগিতা করবেন মীর্জা আজম এমপি।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম এক প্রশ্নের উত্তরে বলেন, বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে আমাদের কোন সমস্যা নেই। তারা যদি কোন সন্ত্রাসী কার্যক্রম, ৭৫ এর ঘাতকদের মতো খুন সন্ত্রাস করতে চায় কার্যক্রম পরিচালনা করে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিয়মতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবো।
এসময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের প্রধান সমন্বয়ক মির্জা আজম এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিএম মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, এছাড়া এসএসএফ, জেলা প্রশাসন, পুলিশসহ একাধিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।