সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের স্বর্ণের চালান আটক হয়েছে। আটককৃত স্বর্ণের মূল্য কোটি টাকা। আটক যাত্রীর নাম ময়নুল ইসলাম শাকিল। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাটের বাসিন্দা।
বৃহস্পতিবার (২ জুন) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের পাত উদ্ধার করা হয়। ওই যাত্রী অভিনবপন্থায় স্বর্ণের পাতগুলো নিয়ে আসছিলেন।
ওসমানী বিমানবন্দরের কাস্টমসের উপকমিশনার আল আমিন জানান, ময়নুল ইসলাম শাকিল ওসমানী বিমানবন্দরের গ্রিণ চ্যানেল পাড়ি দেওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ আছে কি-না জানতে চাইলে সে অস্বীকার করে। পরে তার ব্যাগ তল্লাশি করে বিশেষ পন্থায় আনা ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের পাত উদ্ধার করা হয়।
এর আগে গত ২৭ মে মো. আলী আহমদ নামের দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে নেবুলাইজার মেশিনের ভেতরে করে অভিনবপন্থায় নিয়ে আসা ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছিল।