দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১ জন। বুধবার (১ মে) দিবাগত রাত ২টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের শাখা যমুনা নদীর বড় ব্রিজ সংলগ্ন মন্ত্রী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ(২৪)। অপরজন তাজিন আহম্মেদ (১৯) একই ইউনিয়নের শিবনগর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে। গুরুতর আহত মো. পলাশ (২০) ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ওহেদুল ইসলামের ছেলে।
ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত যুবককে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দসহ ট্রাকের চালক জানে আলম (৫১) ও হেলপার সবুজকে (৩২) আটক করা হয়। তাদের বাড়ি ঢাকার সাভারে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।